অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন। সরকার ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বাড়াতে কাজ করছে। ফায়ার সার্ভিসে আরও ১০০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হবে, ডুবুরি ইউনিটের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। নতুন ফায়ার স্টেশন স্থাপন ও সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানী ঢাকার পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ” এর উদ্বোধন, পাসিং আউট প্যারেড এবং পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যদের আবাসন সুবিধা বাড়াতে মিরপুরে আবাসিক ভবন ও সদর দপ্তরের কাজ চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তর সহ সরকারি বিভিন্ন দপ্তরের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


