নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে সোনারগাঁওয়ের কাজীপাড়া এলাকা থেকে হত্যার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার মো. লতিফ রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মনির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর বিচার কার্য সম্পন্ন করে বিজ্ঞ আদালত ২৬ আসামির মধ্যে ১ আসামীকে মৃত্যুদণ্ড, ১৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ আসামীকে খালাস দেয়। ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. লতিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ১৭ই মার্চ রাত ৮টার দিকে র্যাব ১১, নারায়ণগঞ্জ (সিপিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামী মো. লতিফকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ২০১১ সালের আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লতিফকে (৫৫) র্যাব-১১ গ্রেফতার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। বুধবার (আগামীকাল) আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।


