নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ঔষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে র্যাব-১১। এসময় অবৈধভাবে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচার চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, সিলেটের গোয়াইনঘাটের রাণীগঞ্জের আব্দুল হাসিমের ছেলে মিয়া হোসেন (৩৭), সিলেটের কানাইঘাটের ছয়াটাকেল এলাকার মৃত. আজির উদ্দিনের ছেলে তারেক আহমেদ (২৮)।
বুধবার (২২ এপ্রিল) র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সিলেট-ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে মর্মে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। পরে নরসিংদীর শিবপুরের সোনাকুড়া সিএন্ডবি বাজার এলাকায় মনোহরদী-শিবপুরগামী পাকা সড়কের বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় আমদানি-নিষিদ্ধ ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করার উদ্দেশ্যে পরিবহন করছিল।

