রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) আবু আনছার মো. রবিউল আলম ও এসআই (নিঃ) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।

‎গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৫ মিনিটে পীরগঞ্জ-খালাশপীর সড়কের ফলির বিল বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি মো. মোকলেছুর রহমান (৪৫), তিনি উপজেলার দাড়িকামারি এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

‎পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১০টি জিপার প্যাকেট উদ্ধার করে পুলিশ। প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

‎পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

‎পীরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে। জেলা পুলিশের মতে, চলতি মাসে পরিচালিত মাদকবিরোধী অভিযানের মধ্যে এটি অন্যতম বড় সাফল্য।

Share.
Leave A Reply

Exit mobile version