নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে দীর্ঘদিন উল্লেখ্য যোগ্য কোন উন্নয়ন না হওয়া, মাদক ও ভূমিদস্যুতার বিরুদ্ধে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড হেলাল উদ্দিন সরকার ও হানকুর-মাধবপুর গ্রামবাসীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাউদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হানকুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কায়সার হামিদ রোমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান ভূঁইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোমেন পাশা, সহ সভাপতি শাজাহান সিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান তারেক, ইউনিয়ন বিএনপি নেতা ছাইদুর রহমান খোকন, ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন প্রমুখ।
এসময় এ্যাড. হেলাল উদ্দিন সরকার বলেন, বিগত দিনে বিএনপির ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেছি এবং ইউনিয়ন সহ রূপগঞ্জবাসীর পাশে ছিলাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে, এলাকার রাস্তা-ঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ নির্মাণ সহ সার্বিক উন্নয়ন করবো। তাছাড়া জনগনকে সাথে নিয়ে বিভিন্ন অবৈধ ভূঁইফোড় আবাসন কোম্পানিকে প্রতিহত করবো এবং মাদক নির্মূলে কাজ করবো।


