নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
খাবারের টোকেন ও টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
পরে অতিথিদের আগমন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ১২৫টি বেলুন উড়ানো এবং কবুতর অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ।
স্বাগত বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
বক্তারা বিদ্যালয়ের ১২৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফটোসেশন, গ্রুপ ছবি, আলোচনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনের শেষভাগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের পাশাপাশি লাইভ কনসার্ট দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

