কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত ও ২৫জন আহতের ঘটনার মামলার প্রধান আসামী রেলক্রসিং কর্মী মোঃ হেলাল’কে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত হেলাল কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর কোদালিয়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে র্যাব-১১ (বিসিজিএম) উপ অধিনায়ক লে: কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ২২ই মার্চ রাত সোয়া ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ‘মামুন স্পেশাল’ বাস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে বাসটি আটকে যায় এবং ট্রেন বাসটিকে টেনে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে করে বাসে থাকা যাত্রীদের মধ্যে সোহেল রানা (৪৬) সহ ১২ জন নিহত হয় এবং ২৫ জন আহত হয়। তার মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হাসপাতালে এবং ৭জনকে কুমিল্লা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোঃ হেলালকে প্রধান আসামী করে মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা করে রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় বাস ও ট্রেনের সাথে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। ওই মামলার প্রধান আসামী গেইটম্যান হেলালকে গ্রেপ্তার করে র্যাব। পরে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনায় নিজের দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করে হেলাল। তাকে কুমিল্লার লাকসাম থানায় হস্তান্তর করা হয়েছে।


