নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত সরকার হামের চিকিৎসা ব্যবস্থা বন্ধ রেখেছিল। তাই দেশের মানুষকে নির্মমতার শিকার হতে হয়েছে। কিন্তু নতুন সরকার হাম প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সারাদেশে পর্যাপ্ত পরিমাণ ভ্যাক্সিন সরবরাহ করেছে এবং হাম হলেই রোগীরা মারা যায়, জনমনে এমন বিভ্রান্তি না ছড়িয়ে রোগীদের সময় মতো নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে এসে চিকিৎসা নেয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (১ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষদ শেষে সংসদ সদস্য দিপু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন সরকার হাম প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সারাদেশে পর্যাপ্ত পরিমাণ ভ্যাক্সিন সরবরাহ করেছে। তারই অংশ হিসেবে ৭৫ হাজার হামের টিকা এসেছে নারায়ণগঞ্জে। এসব টিকা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসা ও নদী পথে যাতায়াতের ভোগান্তি তুলে ধরে স্থানীয়রা বলেন, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের তাগিদে রাজধানী ঢাকার কোল ঘেষে গড়ে উঠা রূপগঞ্জ উপজেলায় স্থানীয়দের পাশাপাশি ভাসমান জনবসতির সংখ্যা অনেক। তাই বৃহৎ এই জনগোষ্ঠীকে স্বাস্থ্য কমপ্লেক্সে মান সম্মত চিকিৎসা দেয়ার দাবি জানান তারা। সে সাথে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নদী পথে যাতায়াতে নৌ-নিরাপত্তা বাড়াতে ওয়াটার এম্বুলেন্সের প্রয়োজন। অন্যথায় হাসপাতালের নদীর ঘাট সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জেটি ও নদীতে নোঙ্গর করে রাখা জাহাজের দীর্ঘ লাইনের কারণে মাঝি না দেখতে পেয়ে প্রায়ই নৌকা ডুবির মত ঘটনা ঘটছে। তার স্থানী সমাধান চান তারা।
স্থানীয়দের দাবির প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারী স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিক সচল রয়েছে এবং নদীপথে রোগী পরিবহণ সুবিধায় জরুরি নৌ এম্বুলেন্সের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মুশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা, রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার অরুপ রতন নাহার, মেডিকেল কর্মকর্তা ডাক্তার নেয়ামুল হাসান সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

