নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রয়ের অপরাধে বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল নামক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) বিকালে রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। সরকারি অনুমোদন ও বিএসটিআই লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ওই প্রতিষ্ঠান অবৈধভাবে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল বোতলে
মোড়কজাতকরণ করে বিক্রয় করছিল। অবৈধ উৎপাদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা বৈধতার কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়।প্রত্যেকটি মামলাতে ৭৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে এবং খাদ্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।