সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল ট্যাংক লরিসহ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের দুটি মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত দুই কর্মচারী মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)-কে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট দুটি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। এসব লরিতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ ছিল। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”