গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পল্লীমঙ্গল কর্মসূচী (পিএমকে) মাওনা শাখার উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে দিনব্যাপী মাওনা শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসাইন এবং হেলথ মনিটরিং অফিসার ডা. মো. লিমন।
ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন মাওনা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা ও আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম।

প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাওনা শাখায় দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।”

মাওনা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই পিএমকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version