রংপুরের তারাগঞ্জ উপজেলাতে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কশিয়াবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৩) ও নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পাঁচজন কিশোর ও যুবক দুপুর ২টার দিকে বাড়ির পাশের যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে গেলে তারা আর ওপরে উঠতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, দুইজনই সাঁতার জানত না।
সঙ্গে থাকা অন্যরা পানি থেকে উঠে এসে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে কিছু দূরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দুই কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


