কুমিল্লার মুরাদনগরের মহেশপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলায় রাশিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার মহেশপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গ্রামটিতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায় ছয় মাস আগে একই বিরোধের জেরে আলম নামে এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় আসামি করা হয় দেলোয়ার হোসেনকে। এরপর থেকে তাঁর পরিবার বাড়িছাড়া ছিল।
স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাশিদা আক্তার দুই মেয়েকে নিয়ে গরু বাপের বাড়িতে নেওয়ার পথে মহেশপুর বাজারে পৌঁছালে একদল লোক তাদের পথরোধ করে হামলা চালায়।
এতে রাশিদা গুরুতর আহত হন। পরে তাঁকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই সালাউদ্দিন বলেন, পূর্ব বিরোধের জেরে তাঁর বোনের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

