নারায়ণগঞ্জের রূপগঞ্জের পৈতৃক ভিটা-মাটি, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে বালু ভরাটকৃত জমির ক্ষতিপূরণসহ জমির ন্যায্য মূল্যের দাবিতে ১০টি গ্রামের ভোক্তভোগীদের নিয়ে সভা, গণস্বাক্ষর ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদের আয়োজনে স্থানীয় ১০টি গ্রামের শতশত ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকেরা এতে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় জমির মালিক রফিকুল ইসলাম, ইলিয়াস পারভেজ, আহসান উল্লাহ মাষ্টার, এডভোকেট নাজমুল, ইলিয়াস পারভেজ, সুমন চৌধুরী, রূপগঞ্জ গ্রেজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ সোশাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন, বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাছুম মিয়া, বিএনপি নেতা ফিরোজুল মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খাঁন, হাসান মোর্শেদ, মিল্লাত হোসেন, সাবেক ব্যাংকার আবু বক্কর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আবাসন কোম্পানি ও প্রভাবশালী চক্র অবৈধভাবে তাদের পৈতৃক ভিটা-মাটি এবং ফসলি জমি জোরপূর্বক বালু ভরাট করে দখল করে নিচ্ছে। এতে করে বহু কৃষক পরিবার তাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনতিবিলম্বে এই অবৈধ বালু ভরাট বন্ধ করা, ভরাটকৃত জমির উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। বক্তব্য শেষে চলমান আন্দোলনের অংশ হিসেবে একটি গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন এবং পরে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় জমির মালিকরা। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

