নরসিংদীতে ভ্রাম্যমান আদালতকে ভূল তথ্য দিয়ে সড়কের পাশে তোলা দোকানপাট উচ্ছেদসহ ক্ষতিসাধনের প্রতিবাদে সড়ক ও জনপদের প্রকৌশলী রেজা-ই-রাব্বী এবং সার্ভেয়ার মাসুদ পারভেজের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগী দোকানদার ও এলাকাবাসী।
বুধবার সকালে (২ সেপ্টেম্বর) পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে এই মানববন্ধন পালিত হয়। এতে ক্ষতিগ্রস্ত দোকানদাররা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, ডাঙ্গা-পাঁচদোনা সড়কের পাশের পরিত্যক্ত স্থানে দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছিলো কয়েকটি দোকানদার। হঠাৎ করেই বিনা নোটিশে গত ১২ আগস্ট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্ট এসে দোকানপাট ভেঙ্গে দেয়। এতে কয়েকটি দোকান মালিক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। তবে, একই সাড়িতে পাশের বহুতল ভবন সহ প্রভাবশালীদের কোন দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বরং নিরিহ গরিব মানুষগুলোর দোকানপাট ভেঙে দেয়া হয়। এতে তারা আর্থিক ভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ভুক্তভোগীদের।
সড়ক ও জনপদের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কর্মকর্তারা মাসোহারা না পেয়ে ভ্রাম্যমান আদালত ব্যবহার করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অনতিবিলম্ব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিচারসহ ক্ষতিপূরণের দাবী জানান ব্যবসায়ীরা।


